রংপুর পুলিশ কমিশনারের বদলি দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলিশ হেডকোয়ার্টার্স

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৬:২৮

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের বদলি কোনো বিশেষ ঘটনার প্রেক্ষিতে নয়, বরং স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে দুই সপ্তাহ আগেই সম্পন্ন হয়েছে বলে স্পষ্ট করেছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স। মঙ্গলবার (২৫ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, সরকারি চাকরির প্রচলিত বিধিবিধান ও দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করে গত ১২ আগস্ট নিয়মিতভাবেই আরপিএমপি কমিশনারের এই বদলির আদেশ দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি কিছু গণমাধ্যমে তাঁর বদলি নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা অনভিপ্রেত।

পুলিশ হেডকোয়ার্টার্স উল্লেখ করেছে, একটি স্বাভাবিক প্রশাসনিক রদবদলকে কেন্দ্র করে এমন বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। একই সঙ্গে জনমনে বিভ্রান্তি তৈরি করে—এমন অসত্য তথ্য প্রকাশ ও প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ প্রশাসন।

ইত্তেফাক/এনএন