বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির অনলাইন আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।
শুক্রবার (২১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খানের সই করা বিজ্ঞপ্তিতে বদলি আবেদনের বিস্তারিত শর্ত জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, একজন শিক্ষক পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন। আবেদনগুলো বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই-বাছাই করা হবে। যাচাই শেষে কর্তৃপক্ষ বদলির আদেশ জারি করবে।
শিক্ষকেরা প্রথমে নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। তবে নিজ জেলায় পছন্দ অনুযায়ী কোনো শূন্য পদ না থাকলে নিজ বিভাগের অন্য যেকোনো জেলায় শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে।
এ ছাড়া স্বামী বা স্ত্রীর নিজ জেলা কিংবা স্বামী বা স্ত্রী সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অথবা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকলে সেই জেলাতেও বদলির আবেদন করার সুযোগ রয়েছে।
তবে বদলির জন্য শিক্ষকের চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পরও সেখানে অন্তত দুই বছর দায়িত্ব পালন করতে হবে। এরপরই তিনি পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন।
অর্থাৎ, এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে চাকরির মেয়াদ, শূন্য পদ এবং পছন্দের প্রতিষ্ঠান—এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে। আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

