ছাগলনাইয়ায় কচুর পাতা কাটায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৯:৩৮

ফেনীর ছাগলনাইয়ায় কচুর পাতা কাটা নিয়ে তর্কের জেরে সালেহ আহমদ (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামের বক্কর ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সালেহ আহমদ ওই বাড়ির মৃত মৌলভী আলী আহমদের ছেলে। অভিযুক্ত দুলাল একই বাড়ির বক্কর ড্রাইভারের ছেলে।

স্থানীয়রা জানান, আসরের নামাজ পড়ে সালেহ আহমদ বাড়ির পেছনে জঙ্গল পরিষ্কার করছিলেন। এ সময় ভুলবশত একই বাড়ির দুলালের কচুগাছের দুটি পাতা কেটে যায়। বিষয়টি নিয়ে দুলালের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে দুলাল বালতি দিয়ে সালেহ আহমদকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের স্বজন রিপন জানান, জায়গা-জমিন নিয়ে দীর্ঘদিন ধরে দুলালের সঙ্গে সালেহ আহমদের বিরোধ চলছিল। এরই জেরে কচুর পাতা কাটার ঘটনাকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ছাগলনাইয়া থানায় নিয়ে আসে।

এ বিষয়ে অভিযুক্ত দুলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/আইএ