নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি, ৪ শিক্ষকের এক দিনের বেতন কাটার নির্দেশ

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ২০:১০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দিয়ে চলে যাওয়ায় রাজমান চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার সহকারী শিক্ষকের এক দিনের বেতন কাটার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি আগস্ট মাসের বেতন থেকে তাদের এক দিনের বেতন কর্তন করা হবে।

উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত সপ্তাহে স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী বেলা ২টার পর রাজমান চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে প্রধান ফটকে তালা দেখতে পান। এ সময় বিদ্যালয়ে কোনো শিক্ষক-শিক্ষার্থী ছিলেন না। পরে তারা বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানান।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, গণমাধ্যমকর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায়। ঘটনার দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলের কাজে উপজেলা শিক্ষা অফিসে গেলে সহকারী শিক্ষকরা নির্ধারিত সময়ের অনেক আগেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে বিদ্যালয়ে তালা লাগিয়ে বাড়ি চলে যান।

এ ঘটনায় সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস, আয়সা খাতুন, আবুল হোসেন ও আব্দুর রউফকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে চিঠি পাঠায় উপজেলা শিক্ষা অফিস।

এর পরিপ্রেক্ষিতে গত ১২ আগস্ট সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চলতি মাসের বেতন থেকে চার শিক্ষকের এক দিনের বেতন কর্তনের নির্দেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খাতুন বলেন, ঘটনার দিন তিনি বিদ্যালয়ের কাজে বেলা সাড়ে ১২টার পর উল্লাপাড়া উপজেলা শিক্ষা অফিসে যান। তার অনুপস্থিতিতে সহকারী শিক্ষকরা নির্ধারিত সময়ের অনেক আগেই বিদ্যালয় বন্ধ করে বাড়ি চলে যান। এ কারণেই তাদের এক দিনের বেতন কর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দিয়ে ভুল হয়েছে বলে স্বীকার করেন।

 
ইত্তেফাক/এসএ