গাড়ির গ্যাস সিলিন্ডার ঝালাইয়ের সময় বিস্ফোরণ, মিস্ত্রির মৃত্যু

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ২১:২৪

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় গাড়ির গ্যাস সিলিন্ডার ঝালাইয়ের সময় বিস্ফোরণ হয়ে শেখ রফিক (৬০) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) বেলা আড়াইটার দিকে বন্দর থানার ১ নং ঢাকেশ্বরী দেব মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

রফিককে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী মুস্তাফিজ জানান, শেখ রফিক ক্রাউন সিমেন্টের ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। শনিবার দুপুরের দিকে ক্রাউন সিমেন্টের একটি গাড়িতে ঝালাইয়ের কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুস্তাফিজ আরও জানান, শেখ রফিক কক্সবাজারের রামু থানা এলাকার প্রয়াত শেখ জয়নুদ্দিন আহমেদের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

এ ব্যপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, বিষয়টি আমাদের অবগত করেছে হাসপাতাল পুলিশ। ময়না তদন্তের পর আমরা পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহন করবো।

ইত্তেফাক/এমএসআর