কক্সবাজার সৈকতে গোসলে নেমে ইয়াসিন আরাফাত (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের বীচকর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান মাবু।
নিহত ইয়াসিন আরাফাত চট্টগ্রামের সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়নের বাসিন্দা আলী হোসেনের ছেলে। তারা ব্যবসায়ীক কারণে কক্সবাজার পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের পেশকারপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াসিন আরাফাত চলতি বছরে এইচএসসি পরীক্ষায় রামু সরকারি কলেজ থেকে অংশ নিয়েছেন। সে দুই ভাই এক বোনের পরিবারে আরাফাত সবার বড় ছিল।
পর্যটক নিরাপত্তায় সৈকতে দায়িত্বপালন করা সী-সেফ লাইফগার্ডের সিনিয়র কর্মী মুহম্মদ ওসমান জানান, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে সৈকতে আসে ইয়াছিন আরাফাত। ফুটবল খেলা শেষে এক পর্যায়ে সাগরে গোসলে নামে তারা। কিছু সময় সাঁতার কাটার পর হঠাৎ পানিতে ডুবে যেতে থাকেন আরাফাত। দৃশ্যটি দেখতে পেয়ে দায়িত্বরত লাইফগার্ড ও বীচকর্মীরা দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইয়াসিন আরাফাতকে মৃত ঘোষণা করেন।
আরাফাতের মামা মাহমুদুল হাসান জানান, বন্ধুদের সঙ্গে বিচে খেলতে গিয়ে গোসল করতে নেমে ডুবে গিয়ে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। আরাফাত সমাপ্ত হতে চলা এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ সাতকানিয়া পশ্চিম ঢেমুশিয়ায় নিজ গ্রামে নেওয়া হয়েছে।

