আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিন করে দুই দফায় মোট আট দিন ছুটির দারুণ সুযোগ রয়েছে। তবে এই লম্বা ছুটি উপভোগ করতে হলে মাঝের এক দিন ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে হবে।
আগস্ট মাসের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম দফায় আগামী ৫ আগস্ট বুধবার ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি রয়েছে। এর পরের দিন ৬ আগস্ট বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও ওই দিন এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।
অন্যদিকে, দ্বিতীয় দফায় ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের ছুটি নিলেই এর সঙ্গে ২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও চার দিনের টানা ছুটি উপভোগ করা সম্ভব হবে।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি অফিসে এই ছুটি পালিত হয়। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, ইন্টারনেট, হাসপাতাল ও জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মীরা এই ছুটির আওতামুক্ত থাকবেন। এ ছাড়া ব্যাংক ও আদালতের ছুটির বিষয়ে যথাক্রমে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত গ্রহণ করবে।

