হামের উপসর্গে থামছে না মৃত্যু, প্রাণহানি ছাড়ালো ৮২৫

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৭:৫৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮২৫ জনে পৌঁছেছে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ১০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৩০ শিশু। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ সময়ে হাম ও এর উপসর্গে মোট ৮২৫ শিশুর প্রাণহানি ঘটেছে।

এ সময়ের মধ্যে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনে। আর পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৫৫৫ জন।

এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ইত্তেফাক/এমএএম