ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র বলেছেন, বহুমুখী প্রতিভার অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উনি (মোদি) একজন বিশ্বস্বীকৃত দিক নির্দেশক। বৈশ্বিক ভাবে চিন্তা-ভাবনা করেন আবার তা নিয়ে স্থানীয় ভাবে কাজ করেন। আসলে বৈশ্বিক ভাবনায় স্থানীয় কাজ করেন প্রধানমন্ত্রী।
শনিবার দিল্লির এক আইন সম্মেলনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই তার প্রশংসায় সরব হয়েছিলেন ভারতের উচ্চ আদালতের ওই বিচারপতি। বিচারপতি অরুণ মিশ্র বলেন, ভারতের বিলুপ্তপ্রায় ১৫০০ আইনকে যৌথভাবে সক্রিয় করেছেন প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিশ্বমঞ্চে আজ সমাদৃত ভারত।
তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে বিচার ব্যবস্থা। সেই প্রতিবন্ধকতাকে দূরে ঠেলেই পরিবর্তিত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখে বিচারব্যবস্থা। বিচারব্যবস্থার মূল লক্ষ্য মানব জাতির কল্যাণ। তাই আমরা বহুমুখী প্রতিভার অধিকারী প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাই। উনি খুব বৃহৎ পরিসরে ভাবেন আর স্থানীয় সমস্যার ওপর কাজ করেন।
আরও পড়ুন: করোনা ভাইরাস: দক্ষিণ কোরিয়ায় একদিনে আক্রান্ত দ্বিগুণ
তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত। আমরা এখন একবিংশ শতাব্দীতে। তাই আধুনিক পরিকাঠামো গড়তে তৎপর হয়েছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, শুধু বর্তমান না, ভবিষ্যৎ নিয়েও আমাদের ভাবতে হবে।
ইত্তেফাক/আরআই
