বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাহিত্য একাডেমীর ৩০ বছর পূর্তি উত্সব শুরু হয়েছে। এ উপলক্ষে গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে মিলিত হয়। এ অনুষ্ঠানে সবাইকে অভ্যর্থনা জানান সাহিত্য একাডেমীর আহ্বায়ক কবি জয়দুল হোসেনসহ সদস্যবৃন্দ। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ৩ দিনব্যাপী উত্সব উদ্বোধন করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন ৩০ বছর এবং তারও অধিক সময় থেকে যারা শিল্প সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে জড়িত রয়েছেন তারা। উদ্বোধনের পর শিল্পকলা একাডেমী মঞ্চে বাউল সংগীত পরিবেশন করেন সামসুল হক চিশতি। উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাহিত্য একাডেমীর পরিচালক আহমদ আল মামুন, আলোচনা করেন প্রফেসর মোখলেছুর রহমান খান, আলী আকবর মজুমদার, অ্যাডভোকেট আবদুস সামাদ, ডা. আবু সাঈদ, মজিবুল বারী, মোহাম্মদ আরজু, কৃপাল নারায়ণ চৌধুরী, অ্যাডভোকেট লিটন দেব, ডা. অরুণাভ পোদ্দার, কমরেড নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে সংগীতানুষ্ঠানে অংশ নেন তিতাস ললিতকলা একাডেমীর শিল্পীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অঞ্জন কুমার দাশ।
সাহিত্য একামীের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানের প্রথম দিনটি ব্রাহ্মণবাাড়িয়ার সাহিত্য সংস্কৃতি অঙ্গনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ একাডেমীর সদস্যদের এক উত্সব মুখর মিলন মেলায় পরিণত হয়। ৩০ বছর পূর্তি উপলক্ষে শিল্পকলা একাডেমীতে ৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার মোহনা টিভি ও সাপ্তাহিক নতুন মাত্রা।