তরুণ বয়সী দর্শকদের মধ্যে বিপুলভাবে জনপ্রিয় চ্যানেল ভি'তে এখন চলছে 'বেস্ট ফ্রেন্ডস ফরএরভার' সিরিয়াল। ইংরেজি নামের এই হিন্দি টিভি সিরিয়ালটি এর মধ্যেই দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। ক্যাম্পাস-কেন্দ্রিক তারুণ্যের প্রাত্যহিক গল্প নিয়ে আবর্তিত হলেও এই টিভি সিরিয়াল বন্ধুত্ব, রোমান্স, রহস্যময় ঘটনা, থ্রিল, সাসপেন্স সবই রয়েছে। আজকের তারুণ্যের যথার্থ প্রতিচ্ছবি হয়ে উঠেছে হিন্দি সিরিয়াল 'বেস্ট ফ্রেন্ডস ফরএভার'। দর্শকনন্দিত এই টিভি সিরিয়াল নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন
সানজানা, এলা এবং ভিনি—তিন বান্ধবীর গল্প 'বেস্ট ফ্রেন্ডস ফরএভার'। নাম শুনে হলিউডি টিভি সিরিজ মনে হতে পারে। এ নামে একটি জনপ্রিয় আমেরিকান টিভি কমেডি সিরিজ রয়েছে। চ্যানেল ভি'র হিন্দি সিরিয়াল 'বেস্ট ফ্রেন্ডস ফরএভার'-এর পটভূমি ভারতের মুম্বাই শহরের একটি নামিদামি বিখ্যাত কলেজ ক্যাম্পাস। এই ক্যাম্পাসেরই কয়েকজন ওরা। সানজানা, এলা এবং ভিনি—একসঙ্গে পড়াশোনা করলেও তারা বিভিন্ন সামাজিক অবস্থান থেকে এসেছে। তাদের পারিবারিক মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি রুচিবোধও ভিন্ন। কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনা ওদেরকে আরও অনেক কাছে নিয়ে আসে। তিনজন খুব ঘনিষ্ঠ বান্ধবী হয়ে যায়। কলেজের সহপাঠী বরুণ বিভিন্ন মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা চালিয়ে সফল হয় না। তার বিশ্বপ্রেমিক স্বভাবের কথা সব মেয়ের জানা রয়েছে। বরুণ এক সময়ে সানজানা, এলা এবং ভিনিকেও প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু তাদের কাছ থেকে প্রত্যাখাত হয়ে বরুণ মনের দুঃখে তাদের সামনেই পাহাড় থেকে নিচে ঝাঁপ দেয়। প্রেমে প্রত্যাখাত হয়ে পাহাড় থেকে বরুণের আত্মহত্যার ঘটনাটি তিন বান্ধবীর চোখের সামনে ঘটায় তারা বিষয়টিকে গোপন রাখতে চায়। রহস্যজনক ব্যাপার হলো, পাহাড় থেকে নিচে ঝাঁপিয়ে পড়া বরুণ শেষ মহূর্তে তাকে বাঁচানোর জন্য তিন বান্ধবী সানজানা, এলা এবং ভিনির কাছে আকুতি জানিয়েছিল। তারা কেউ বরুণকে বাঁচাতে এগিয়ে যায়নি। নিখোঁজ বরুণের মৃত দেহ কোথাও পাওয়া না যাওয়ায় ব্যাপারটি নিয়ে রহস্যময়তা জমাট বাঁধে। এরপর একে একে ঘটতে থাকে বিচিত্র এবং রহস্যময় নানা ঘটনা। বরুণকে সবাই মৃত ভাবলেও রহস্যময় ঘটনাগুলোতে বরুণের অস্তিত্ব টের পায় তিন বান্ধবী। ফলে তাদেরকে আতংক গ্রাস করে। বরুণের পাহাড় থেকে ঝাঁপ দেওয়া এবং তাকে রক্ষা করতে এগিয়ে না যাওয়ার গোপন বিষয়গুলো নিয়ে তিন বান্ধবী মানসিক টানাপোড়েন এবং অস্থিরতার মধ্যে পড়ে যায়। অস্বাভাবিক রহস্যময় ঘটনাগুলো তিন বান্ধবীর জীবনে দুর্বিষহ অবস্থা সৃষ্টি করে। নিখোঁজ বরুণের উপস্থিতি টের পায় তারা প্রতিটি ঘটনায়। তেমনি নাটকীয় রহস্যময় ঘটনা নিয়ে চলছে চ্যানেল ভি'র হিন্দি সিরিয়াল 'বেস্ট ফ্রেন্ডস ফরএভার'। এই সিরিয়ালে তিন বান্ধবী সানজানা, এলা ও ভিনি চরিত্রে রূপদান করছেন যথাক্রমে ফেনিল ডমরিগার, চার্লি চৌহান ও সুস্মিতা মুখার্জি। তারা তিনজনই অভিনীত চরিত্রগুলো ফুটিয়ে তোলার ব্যাপারে আন্তরিকতার পরিচয় দিচ্ছেন। এর আগে বিভিন্ন টিভি সিরিয়ালে অভিনয় করলেও এবার 'বেস্ট ফ্রেন্ডস ফরএভার' সিরিয়ালটি তাদের তিনজনকে খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। ছোটপর্দায় একঘেয়ে গতানুগতিক ফ্যামিলি ড্রামার ছকের বাইরে ক্যাম্পাস স্টোরি-ভিত্তিক নতুন টিভি সিরিয়ালগুলো আজকাল দর্শকদের আকৃষ্ট করছে। 'বেস্ট ফ্রেন্ডস ফরএভার' সিরিয়ালটির দর্শকপ্রিয়তার অন্যতম কারণ হলো এর গল্পের ভিন্নতা এবং শিল্পীদের তারুণ্যদীপ্ত পর্দা উপস্থিতি। চ্যানেল ভি'তে সিরিয়ালটি সপ্তাহের সোম থেকে বৃহস্পতিবার রাত ৮টায় দেখানো হয়।