দশ আলেম হত্যার জন্য শিবিরের কিলিং স্কোয়াড
পাঁচজনের বিরুদ্ধে মামলা, আটকরা জেলহাজতে
চট্টগ্রাম অফিস
হিটলিস্টে নাম থাকা চট্টগ্রামের আলোচিত ১০ আলেমকে খুনের পরিকল্পনা ছিল ইসলামী ছাত্র শিবিরের। এজন্য একটি কিলিং স্কোয়াডও গঠন করা হয়েছিল। আটক শিবির কর্মী মাহমুদুল হাসান পুলিশকে এই তথ্য জানিয়েছে।
এদিকে ওই আলেমদের হত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার হওয়া ৮ শিবির কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। এদের ৫ জনকে হত্যা পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় এবং অপর ৩ জনকে গত ৫ ফেব্রুয়ারি নগরীর মুরাদপুর এলাকায় সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার মহানগর হাকিম নূরে আলম ভুঁইয়ার আদালত অভিযুক্ত শিবির কর্মীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তীতে আদালতের কাছে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ । তিনি জানান, আলেমদের হত্যা প্রচেষ্টার অভিযোগে দণ্ডবিধির ১২০/খ ধারায় পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক মাসুদ পারভেজ বাদি হয়ে মামলাটি করেছেন। এ মামলায় মাহমুদুল হাসান, আব্দুর রহমান বিশ্বাস, ইউনুস, জমির উদ্দিন এবং আরাফুলকে আসামি করা হয়েছে। অপর ৩ শিবির কর্মী রেজাউল করিম, ওসমান গণি ও আরিফুর রহমানকে সহিংস তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। গত সোমবার বিকালে নগরীর বিভিন্ন স্থান থেকে এদের গ্রেফতার করে পুলিশ।