চলতি মাসে ইতালি এবং রাশিয়ার বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল দলে তারকা মিডফিল্ডার কাকা ফিরলেও বাদ পড়লেন রোনালদিনহো।
কোচ লুইস ফিলিপ স্কলারির বিবেচনায় কাকা প্রাথমিক দলে ছিলেন না। কিন্তু রিয়াল মাদ্রিদের এই প্লে ¬মেকার মঙ্গলবারের ঘোষিত তালিকায় জায়গা করে নিয়েছেন। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে পরাজিত প্রীতি ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন রোনালদিনহো।
স্কলারি তার দলে ধরে রেখেছেন তরুণ তারকা নেইমার, ওস্কার এবং লুকাসকে। এছাড়া অভিজ্ঞ গোলরক্ষক জুলিও সিজারও তার জায়গা ধরে রেখেছেন। এ্যাথলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড দিয়েগো কস্টা প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন।
আগামী ২১ মার্চ জেনেভায় ব্রাজিল ইতালির বিপক্ষে এবং চারদিন পরে লন্ডনে চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রীজে রাশিয়ার বিপক্ষে মাঠে নামবে। আগামী ১৫-৩০ জুন কনফেডারেশন কাপের চূড়ান্ত পর্বের স্বাগতিক হবার আগে এপ্রিলে চিলির বিপক্ষে আর একটি মাত্র প্রীতি ম্যাচে অংশ নেবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
দল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মানো মেনেজেসের পরিবর্তে গত বছর দ্বিতীয়বারের মত জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করা স্কলারি জানিয়েছেন, পরবর্তী দুটি ম্যাচ ভাল ভাবে পর্যবেক্ষণের জন্যই ৩০ বছর বয়সী কাকাকে দলভুক্ত করা হয়েছে। চিলির বিপক্ষে রোনালদিনহো হয়ত আরেকটি সুযোগ পেতে পারেন বলেই স্কলারি ইঙ্গিত দিয়েছেন। এরপর তিনি চূড়ান্ত দল সম্পর্কে সিদ্ধান্ত নিবেন। এখনই বলা যাচ্ছে না আদৌ এই খেলোয়াড়রা ভবিষ্যতের দলে থাকবেন কিনা। কনফেডারেশন কাপকে সামনে রেখে এই প্রীতি ম্যাচগুলোতেই তাদের পরীক্ষা করা হবে।
২০০২ সালে বিশ্বকাপ জয়ী স্কলারির ব্রাজিল দলে রোনালদিনহো ছিলেন। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তার বাজে পারফরম্যান্স দলের উপর প্রভাব ফেলে। এমনকি প্রথমার্ধে তিনি একটি পেনাল্টির সুযোগও নষ্ট করেন।
এদিকে রিয়ালের হয়ে সামপ্রতিক পারফরম্যান্সই কাকাকে দলে ফিরিয়ে এনেছে বলে সংশ্লি¬ষ্টদের দাবি। স্কলারি ব্রাজিলের দায়িত্ব নেবার পরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই ছিল তার প্রথম ম্যাচ। - বাসস
স্কো য়া ড
গোলরক্ষক : জুলিও সিজার, দিয়েগো কাভালিয়েরি।
ডিফেন্ডার : ড্যানিয়েল আলভেস, মার্সেলো, ফিলিপ লুইস, ডেভিড লুইজ, ডেডে, ডাতে, থিয়াগো সিলভা।
মিডফিল্ডার :পলিনহো, রামিরেস, জিন, ফার্নান্দো, লুইস গুস্তাভো, কাকা, হার্নানেস, ওস্কার, লুকাস।
ফরোয়ার্ড : দিয়েগো কস্তা, নেইমার, ফ্রেড, হাল্ক।