বাংলাদেশ আমাকে জামাই আদরে বরণ করেছে
- প্রণব মুখার্জি
বাসস
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ আলাপ-আলোচনার মাধ্যমে নিরসন করা যেতে পারে। তিনি বলেন, সকল সমপ্রদায়ের অধিকার সমুন্নত রাখতে হবে।
রাষ্ট্রপতি প্রণব বাংলাদেশে তাঁর সফর শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
রাষ্ট্রপতি প্রণব বলেন, তিনি ঢাকায় সকল রাজনৈতিক দলের নেতাদের বলেছেন, বাংলাদেশে সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রাখতে হবে। তিনি আরো বলেন, তাঁর দেশ বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল বাংলাদেশ দেখতে চায়।
প্রণব মুখার্জির ঢাকা সফরকালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, সংখ্যালঘু সমপ্রদায়ের ওপর হামলা এবং শাহবাগে তরুণ প্রজন্মের স্বতস্ফূর্ত আন্দোলন প্রত্যক্ষ করেন। তাঁর এই সফরকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থন হিসাবে দেখা হচ্ছে।
ভারতীয় দৈনিক হিন্দু পত্রিকা লিখেছে, রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে বাংলাদেশ তাদের জামাই হিসাবে বরণ করে নেয়। তাঁকে দেয়া হয়েছে উষ্ণ অভ্যর্থনা। ঢাকা সফরকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।
নড়াইলে নিজ শ্বশুরালয়ে বেড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশে প্রণবের সফর কর্মসূচি শেষ হয়। ১৯৫৭ সালে বিয়ে করার পর এই প্রথমবারের মতো তিনি বাংলাদেশে তাঁর শ্বশুর বাড়িতে যান। শ্বশুরালয়ে তাঁকে কিভাবে গ্রহণ করা হয়েছে, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে প্রণব মুখার্জি বলেন, তাঁকে নতুন জামাইর আদরে বরণ করে নেয়া হয়।
প্রণব মুখার্জি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে বলেছেন, এ বছরে তিনি তাঁকে জামাইষষ্ঠীর উপহার পাঠাবেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তাঁর সঙ্গে সাক্ষাত্ না করা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি কোন মন্তব্য করতে অস্বীকার করেন।