আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশে চলমান রাজনৈতিক সংকট মোকাবেলায় আলোচনার কোনো বিকল্প নেই। নির্বাচনসহ যে কোনো বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনায় বসতে আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আশরাফ বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে চলমান সঙ্কট নিরসন সম্ভব। আজ হোক কাল হোক আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করতে হবে। আলোচনা ছাড়া কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। কিন্তু মাঝখানে জনগণ সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা দুঃখজনক।
তিনি আরো বলেন, দেশের রাজনীতি কোনো পথে চলবে তা জামায়াতের মতো অগণতান্ত্রিক দলের ওপর ছেড়ে দেয়া যায় না। জামায়াতের সঙ্গে থেকে সহিংসতার পথ ছেড়ে বিএনপি যত তাড়াতাড়ি আলোচনায় বসবে জানমালের ক্ষয়ক্ষতি ও জনভোগান্তি তত কম হবে।
সৈয়দ আশরাফ বলেন, আগামীতে সবার কাছে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য আনুষ্ঠানিক আলোচনার আগে বিএনপি নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। তিনি বলেন, সরকার পরিবর্তন হবে গণতান্ত্রিক পক্রিয়ায়, নির্বাচনের মাধ্যমে, অন্য কোন পন্থায় নয়। জামায়াতের উপর বিএনপির এত বেশি নির্ভরশীলতা গণতন্ত্রের জন্য শুভ নয়।