ছয় দিন হয়ে গেল সেই হাসিটা আর নেই। স্বপ্ন ভরা চোখ দু’টো চিরকালের মতো গভীর ঘুমিয়ে গিয়েছেন। পর্দার ধোনির সেই হেলিকপ্টার শট মারা ছেলেটা, জীবনের মাঠে খুব একা হয়ে গিয়েছিল। তাই জীবন ছেড়েই চলে গিয়েছে সে নীরবে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু যেন এক ঝটকায় অনেকগুলো প্রশ্নের মুখোমুখি করে দিয়েছে সবাইকে।
সে সব প্রশ্ন, বিতর্ক, তরজা বাদেও বহু মানুষ আজ তাঁদের প্রিয় সুশকে স্মরণ করছেন অন্তরের গভীর ভালবাসায়। কখনও পুরনো ছবি, কখনও ভিডিও, কখনও জনপ্রিয় ডায়লগ, বারবারই ঘুরে ফিরে আসছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। ইঞ্জিয়ারিং ছেড়ে নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে বলিউডে এসেছিলেন সুশান্ত। তবে তাঁর জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে তাঁকে। ডান্স শিখতেন পড়াশোনায় তুখড়, সর্বভারতীয় পরীক্ষায় সপ্তম স্থানাধিকারী ছেলেটা। ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন বহুদিন। তারপর ছোট পর্দায় পা। ‘পবিত্র রিস্তা’র হাত ধরে জনপ্রিয়তা। ২০১৩ সালে ‘কাই পো চে’ দিয়ে স্বপ্নের উড়ান শুরু।
কিন্তু সুশান্তের লক্ষ্য ছিল অন্য। বলিউডে তিনি এসেছিলেন শুধুমাত্র তিনটি স্বপ্নের ডানায় ভর করে। প্রথমত, যশ রাজ ফিল্মের ব্যানারে কাজ করবেন তিনি । দ্বিতীয়ত, পেপসি অ্যাডে অভিনয় করবেন এবং তৃতীয়ত, ফিল্ম ফেয়ার ম্যাগাজিনের কভার আর্টিস্ট হবেন।
মাত্র ১০টি সিনেমা ঝুলিতে ভরে, মাত্র ৩৪ বছরে জীবনে বিদায় জানানো সুশান্ত কিন্তু এই সবক’টি স্বপ্নই পূরণ করে গিয়েছেন।
ইত্তেফাক/বিএএফ
